উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে: জামায়াত আমির
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৩ পিএম

কুড়িগ্রামকে সবচেয়ে বঞ্চিত জেলা উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে দেশের সবচেয়ে বঞ্চিত জেলা কুড়িগ্রাম থেকেই উন্নয়ন শুরু করবে জামায়াত। উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) কুড়িগ্রামের সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন : নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হবে ১ নাম্বার অগ্রাধিকার। আমরা আমাদের মা-বোনদের আবাসস্থলে, চলার পথে, কর্মস্থলে, সব জায়গায় নিরাপত্তা ও মর্যাদা দিতে চাই। যে দেশে নারীদের ওপর নির্যাতন করা হয়, সে দেশ আমার না।

ডা. শফিকুর রহমান বলেন, যে দেশে আমার মায়েদের কোনো নিরাপত্তা নাই, সে দেশ আমার হতে পারে না। আমার ওই দেশ, যে দেশে আমার মায়ের নিরাপত্তা থাকবে, আমার বোনের নিরাপত্তা থাকবে, আমার মেয়েরা নিরাপত্তা থাকবে। আমরা জাত দেখব না, পাত দেখব না, নারীদের সম্মান করা আমাদের প্রধান দায়িত্ব। এ দায়িত্ব ইনশাআল্লাহ আমরা পালন করব।

জামায়াত আমির বলেন, আমাদের যুবকরা কাজ পাবে, যুবতীরা পাবে, মায়েরা পাবে, ভাইয়েরা পাবে। কেউ সেদিন বেকার থাকবে না। যখন কৃষি বিপ্লব হবে তখন সবাই কাজ পেয়ে যাবেন। বলবেন, আমাদের শুধু কৃষক বানিয়ে রাখবেন, না, আপনাদের ঘর থেকে, মায়েদের গর্ভ থেকে আগামীর প্রধানমন্ত্রীও বের হবে। এই বাংলাদেশে আর কোনো জমিদারকে মেনে নেওয়া হবে না। এই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ।

তিনটা নদীকে কুড়িগ্রাম জেলার দুঃখ উল্লেখ করে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, বর্ষা আসলেই এখানকার মানুষের চিন্তা বাড়ে।

আরও পড়ুন : বিএনপি সমালোচনার রাজনীতিতে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

বসতভিটা চিরতরে বিলীন হয়ে যায়। আমাদের নদীগুলোকে মেরে ফেলা হয়েছে। আমাদের নদীগুলোকে হত্যা করে কঙ্কাল বানানো হয়েছে, মরুভূমি বানানো হয়েছে। সবগুলো চোর ১৫ বছরে নদী ভাঙন ও নদী শাসনের নামে যত বাজেট হয়েছে, সব তাদের পেটে হজম করেছে। নদী শাসনের কাজ করে নাই। এই চোররা নদী শাসনের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে ২৮ লক্ষ কোটি টাকা। আল্লাহ যদি আমাদের সুযোগ দেয়, ওদের মুখের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে সব বের করে আনবো ইনশাআল্লাহ। জনগণের টাকা রাষ্ট্রের তহবিলে জমা হবে।’

নিজের এক্স অ্যাকাউন্টের পোস্ট নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, চার দিন আগে আমার এক্স আইডি হ্যাক করে যা-তাই চালিয়ে দিয়েছে। একটা দল যা না তাই শুরু করেছে। লজ্জা! ওই দলের বড় বড় নেতারাও শুরু করেছে। এরই মধ্যে মেইন কালপ্রিট ধরা পড়েছে।’

কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. আজিজুর রহমান স্বপনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন, সহ-সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ, শাহজালাল হক সবুজ, জেলা বায়তুল মাল সম্পাদক জহরুল ইসলাম, অ্যাডভোকেট ইয়াসিন আলী, এনসিপির জেলা আহ্বায়ক মো. মুকুল মিয়া, খেলাফত মজলিস রংপুর অঞ্চলের সহকারী পরিচালক সবেবর মিয়া প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজনীতি   নির্বাচন   জামায়াত আমির  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft