প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৩:১৪ পিএম

রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২১ জুন) দুপুর ২টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারাও সফরে রয়েছেন।
সফরসূচি অনুযায়ী, সন্ধ্যায় কুয়ালালামপুর পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আগামী ২২ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তাঁর আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে শ্রমবাজার সম্প্রসারণ, আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ এবং মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা হতে পারে। একই সঙ্গে সংস্কৃতি বিনিময়সহ কয়েকটি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনাও রয়েছে।
এরপর ২৩ জুন তিনি মালয়েশিয়া থেকে সরাসরি চীনের দালিয়ানে ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’-এর অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে।
সফরের শেষ পর্যায়ে ২৫ জুন চীনের প্রধানমন্ত্রীসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এ সময় ১৩টি সমঝোতা স্মারক ও ৪টি চুক্তি সই হতে পারে বলে জানা গেছে। সফর শেষে ২৬ জুন রাতে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
জ/উ