প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১:১৫ পিএম

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস।
রোববার (২১ জুন) বেলা ১১টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় বলে জানা গেছে।
সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মিস ম্যাটিল্ডা সভেনসন এবং সেকেন্ড সেক্রেটারি ও বাণিজ্য, রাজনীতি ও যোগাযোগ বিভাগের প্রধান মি. ওলে লুন্দিন।
বৈঠকে বাংলাদেশ ও সুইডেনের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ সম্ভাবনা, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় হয়। উভয় পক্ষই ভবিষ্যতে সহযোগিতা আরও জোরদার এবং বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া বৈঠকে রোহিঙ্গা সমস্যা, বাজেট কাঠামো, কর সংস্কার এবং বাংলাদেশে সুইডেনের অর্থায়নে চলমান বিভিন্ন প্রকল্প নিয়েও আলোচনা হয়।
বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
জ/উ