প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৫ পিএম

নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সোনাবাজু এলাকার তুলসি নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি আব্দুল কুদ্দুস (৪৮), পাটপাড়া গ্রামের মৃত আহমদ আলীর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, গত ৩০ জানুয়ারি শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে আব্দুল কুদ্দুস বাড়ি থেকে বের হন। যাওয়ার সময় তিনি জানান, মোকিমপুর এলাকার সুমনের কাছ থেকে পাওনা ২৫ হাজার টাকা আনতে যাচ্ছেন। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি।
রাতের দিকে তার স্ত্রী মোবাইলে যোগাযোগ করলে কুদ্দুস কিছুক্ষণ পর ফিরবেন বলে জানান। তবে পরবর্তীতে একাধিকবার ফোন করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে সুমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কুদ্দুস কোথাও আছে, শিগগিরই আসবে।
শুক্র ও শনিবার পেরিয়ে গেলেও কোনো সন্ধান না পাওয়ায় রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পরিবার আবারও সুমনের সঙ্গে যোগাযোগ করে। এ সময় তিনি সোনাবাজু মুসার ঘাট এলাকায় তুলসি নদীতে খোঁজ নিতে বলেন। পরে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা কচুরিপানা সরিয়ে নদীতে অনুসন্ধান চালিয়ে কুদ্দুসের মরদেহ উদ্ধার করেন। তার মাথার সামনের অংশে গুরুতর আঘাতের চিহ্ন দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তুলসি নদীর পাড়ের বসতিতে মুসা নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। মাঝে মাঝে কুদ্দুস সেখানে নেশা সেবনের জন্য যেতেন বলে স্থানীয়দের দাবি। সম্প্রতি প্রশাসনের অভিযানে মুসাকে গ্রেপ্তার করা হয়েছে। কেউ কেউ অভিযোগ করেছেন, কুদ্দুসও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুজ্জামান সরকার বলেন, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত ও ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জ/দি