প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৭ পিএম আপডেট: ০১.০২.২০২৬ ৫:৪৩ পিএম

নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বগুড়ায় ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে মহিলা ডিগ্রি কলেজে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) সদর ক্যাম্পে ১৬ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম সাংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে।
তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই সময়ে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্রপাচার কিংবা অন্য কোনো সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ যেন নির্বাচনে প্রভাব ফেলতে না পারে। সে বিষয়ে বিজিবি সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বগুড়াকে অধিক গুরুত্ব দেয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
আরিফুল ইসলাম মাসুম বলেন, দায়িত্বপূর্ণ এলাকার ২টি জেলায় ১৬টি উপজেলার ১০টি সংসদীয় আসনে মোট ১৬টি বেইজ ক্যাম্পে ৩৩ প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি সদস্যদের মোতায়েনের করা হয়েছে। এর মধ্যে বগুড়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় ১২টি উপজেলায় ১২টি বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে সর্বমোট ২৪ প্লাটুন বিজিবি সদস্য ইতোমধ্যে দায়িত্ব পালন করছেন। অন্য ৯ প্লাটুন সদস্য নওগাঁর সংশ্লিষ্ট এলাকায় নিয়োজিত রয়েছেন।
অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ তৎপর রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিজিবি বদ্ধপরিকর। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারি পরিচালক মো. রবিউল ইসলাম, বেইজ ক্যাম্প কমান্ডার সুবেদার মাফুজুর রহমান প্রমুখ।
জ/দি