প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৩:১০ পিএম

মাদারীপুরের কালকিনিতে সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ এক নারী মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার আলিনগর ইউনিয়নের গদা ধরদী গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, কালকিনি আর্মি ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গতরাত ১২ টা ৪০ মিনিটের দিকে গদা ধরদী গ্রামে মাদকবিরোধী অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্বে দেন ৩৫ বীর সাপোর্ট ব্যাটালিয়নের মেজর আশফানুল হক। অভিযানে স্থানীয় মাদক কারবারি মুরাদ মুন্সির বাড়ি ঘেরাও করেন তারা। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি মুরাদ মুন্সি (৪৫) তার ঘরের পেছনের দরজা দিয়ে কৌশলে পালিয়ে যান। তবে ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মাদক সহ তার স্ত্রী মোসাম্মৎ মুক্তা আক্তারকে (৪০) আটক করতে সক্ষম হয় সেনাবাহিনী।
আটককৃত মাদক ব্যবসায়ীর ঘর থেকে তল্লাশি চালিয়ে ১৭১ পিস ইয়াবা, ১ কেজি ৩৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪২ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়। অভিযান শেষে মুক্তা আক্তারকে উদ্ধারকৃত মালামাল কালকিনি থানায় হস্তান্তর করা হয়েছে।
কালকিনি আর্মি ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
জ/দি