প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১১:৩৮ এএম

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, তাঁর বিরুদ্ধে দুর্নীতি, টেন্ডারবাজি বা চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হলে নাকে খৎ দিয়ে রাজনীতি ছাড়বেন। মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার শৈলমারী বাজারে নির্বাচনী গণসংযোগ শেষে পথসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন হবে স্বচ্ছ ও ইতিহাসের সেরা নির্বাচন। এবার কেন্দ্র দখল বা কারচুপির কোনো সুযোগ থাকবে না এবং ভয় দেখিয়ে ভোট নেয়ার রাজনীতি সফল হবে না।
ভোটারদের উদ্দেশে রাশেদ খান বলেন, আমি নেতা হতে আসিনি। আপনারা সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন। আমাকে ভোট দিতে হবে এমন শর্ত দিচ্ছি না।
কৃষি ও শিক্ষাখাতের দুরবস্থা তুলে ধরে তিনি অভিযোগ করেন, কৃষকেরা সার-বীজের সংকটে আছেন এবং গত ১৬ বছরে শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন নেতৃত্ব ছাড়া এসব খাত পুনরুদ্ধার সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।
পথসভায় সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন। উপস্থিত ছিলেন জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি রাসেল আহমেদ।
জ/উ