প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৪:৫০ পিএম

রাজধানীর মিরপুর-২ এলাকায় মিরপুর কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে দুইজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে লাভ রোড-মন্দির রোড এলাকায় টিসিবির পণ্য বিক্রির সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, টিসিবির পণ্য সংগ্রহের জন্য কলেজের পেছনের দেয়ালসংলগ্ন স্থানে দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন সাধারণ মানুষ। এ সময় হঠাৎ করেই কলেজের সীমানা প্রাচীরের একটি অংশ ধসে পড়ে। এতে কয়েকজন নারী ও পুরুষ দেয়ালের নিচে চাপা পড়েন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতায় অংশ নেন এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান।
স্থানীয় সূত্রের তথ্যমতে, এ ঘটনায় দুইজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় নাছিমা বেগমকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি মিরপুর-২ নম্বর জনতা হাউজিং এলাকার বাসিন্দা।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দেয়াল ধসের ঘটনায় নাছিমা বেগম নামে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।
জ/উ