সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও জোরদারের আশা
নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১:৫৭ পিএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আশা প্রকাশ করেছেন, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গরের আসন্ন ঢাকা সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে।

গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময়ই ইতিবাচক ছিল এবং বর্তমান সরকারের সময়ে তা আরও এগিয়ে যাচ্ছে।

মার্কিন বিশেষ দূতের সফর প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, “যুক্তরাষ্ট্রের যেকোনো উচ্চপর্যায়ের সফর দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। এই সফরের মাধ্যমে বহুমাত্রিক সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে আমরা আশাবাদী।”

তিনি জানান, আগামী ৩০ জুলাই তিন দিনের সরকারি সফরে ঢাকায় আসার কথা রয়েছে সার্জিও গরের। সফরকালে ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। নতুন কোনো সহযোগিতার ক্ষেত্র তৈরি হলে সেটিও আলোচনায় গুরুত্ব পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সফরসূচি অনুযায়ী, সার্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতা, পেশাজীবী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তার মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে।

বর্তমানে সার্জিও গর ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়োগে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের দায়িত্বও পালন করছেন। এর আগে তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সহকারী এবং প্রেসিডেন্সিয়াল পার্সোনেল পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, গত বুধবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft