প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৩:১৬ পিএম

হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছেন কি না-এ প্রশ্ন অনেক ব্যবহারকারীরই। প্রোফাইল ছবি দেখা না যাওয়া, ‘লাস্ট সিন’ বা অনলাইন স্ট্যাটাস অদৃশ্য হয়ে যাওয়া, পাঠানো বার্তায় একটি টিক চিহ্ন থাকা কিংবা কল সংযোগ না হওয়াকে অনেকেই ব্লক হওয়ার লক্ষণ হিসেবে মনে করেন। তবে এগুলোর কোনোটিই নিশ্চিত প্রমাণ নয়। গোপনীয়তা–সংক্রান্ত সেটিংস পরিবর্তন, ফোন পরিবর্তন বা ইন্টারনেট সমস্যার কারণেও এমনটি হতে পারে।
সম্প্রতি হোয়াটসঅ্যাপের এনক্রিপশন ভেরিফিকেশন সুবিধা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকের ধারণা, এই সুবিধা ব্যবহার করে ব্লক হওয়ার বিষয়ে তুলনামূলক ধারণা পাওয়া যেতে পারে।
হোয়াটসঅ্যাপের প্রতিটি ব্যক্তিগত চ্যাট এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তির মাধ্যমে সুরক্ষিত থাকে। এ নিরাপত্তা যাচাই করতে সংশ্লিষ্ট চ্যাটে গিয়ে ব্যবহারকারীর প্রোফাইল খুলে Encryption বা Verify Encryption অপশনে প্রবেশ করলে একটি কিউআর কোড ও নিরাপত্তা নম্বর দেখা যায়, যা দিয়ে এনক্রিপশন যাচাই করা সম্ভব।
তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এই ফিচারটি নিরাপত্তা যাচাইয়ের জন্য তৈরি হয়েছে, ব্লক শনাক্ত করার জন্য নয়। তাই শুধু এনক্রিপশন ভেরিফিকেশন ব্যর্থ হওয়া বা বিকল্প বার্তা দেখানোর ভিত্তিতে ব্লক হওয়ার সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়।
কেউ আপনাকে ব্লক করেছেন কি না, সে বিষয়ে তুলনামূলক ধারণা পেতে প্রোফাইল ছবি, ‘লাস্ট সিন’ বা অনলাইন স্ট্যাটাস, বার্তায় একটি টিক চিহ্ন থাকা, কল সংযোগ না হওয়া এবং এনক্রিপশন ভেরিফিকেশন-এসব বিষয় একসঙ্গে বিবেচনা করা যেতে পারে।
তবে হোয়াটসঅ্যাপ এখনো এমন কোনো আনুষ্ঠানিক ফিচার চালু করেনি, যা নিশ্চিতভাবে জানিয়ে দেয় যে কোনো ব্যবহারকারী আপনাকে ব্লক করেছেন। তাই এসব লক্ষণ কেবল সম্ভাবনার ইঙ্গিত দিতে পারে, নিশ্চিত প্রমাণ নয়।
জ/উ