এআই সেবার দাম কমাল গুগল, বাড়ল স্টোরেজ সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৬:৩১ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবার বাজারে প্রতিযোগিতা বাড়াতে সাবস্ক্রিপশন প্যাকেজের মূল্য কমিয়েছে গুগল। একই সঙ্গে ব্যবহারকারীদের জন্য তথ্য সংরক্ষণের সুবিধাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে প্রতিষ্ঠানটি।

গুগল জানিয়েছে, তাদের ‘গুগল এআই প্লাস’ সেবার মাসিক সাবস্ক্রিপশন ফি ৭ দশমিক ৯৯ ডলার থেকে কমিয়ে ৪ দশমিক ৯৯ ডলার নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি এই প্যাকেজে অন্তর্ভুক্ত ক্লাউড স্টোরেজ সুবিধা ২০০ গিগাবাইট থেকে বাড়িয়ে ৪০০ গিগাবাইট করা হয়েছে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে এআইভিত্তিক সেবার বাজারে এখন পর্যন্ত বড় ধরনের মূল্য প্রতিযোগিতা দেখা না গেলেও গুগলের এই পদক্ষেপ নতুন প্রতিযোগিতার সূচনা করতে পারে।

চলতি বছরের জানুয়ারিতে চালু হওয়া গুগল এআই প্লাস ছিল যুক্তরাষ্ট্রে গুগলের সবচেয়ে সাশ্রয়ী এআই সাবস্ক্রিপশন সেবা। সাধারণ ব্যবহারকারী, শিক্ষার্থী এবং ব্যক্তিগত কাজে এআই ব্যবহারে আগ্রহীদের কথা মাথায় রেখে এটি চালু করা হয়।

এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা গুগলের জেমিনি এআই মডেলের বিভিন্ন সুবিধা, গবেষণা সহায়তা, লেখালেখির টুল এবং এআই-নির্ভর ভিডিও তৈরির সুবিধা পেয়ে থাকেন। গুগলের পণ্য বিভাগের কর্মকর্তা বিকাশ কানসাল জানিয়েছেন, নতুন স্টোরেজ সুবিধা ধাপে ধাপে ব্যবহারকারীদের অ্যাকাউন্টে যুক্ত করা হবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তি দ্রুত সাধারণ ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে। ফলে এখন প্রতিষ্ঠানগুলো শুধু উন্নত প্রযুক্তি নয়, বরং কম খরচে বেশি সুবিধা দেওয়ার মাধ্যমে বাজারে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে।

ভেঞ্চার বিনিয়োগ প্রতিষ্ঠান গুডওয়াটার ক্যাপিটাল-এর সহপ্রতিষ্ঠাতা চি-হুয়া চিয়েন বলেন, প্রযুক্তিখাতে বড় পরিবর্তনের সময় অবকাঠামোভিত্তিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে মূল্য প্রতিযোগিতা দেখা দেওয়া স্বাভাবিক। এআই শিল্পেও সেই প্রবণতা স্পষ্ট হতে শুরু করেছে।

তিনি বলেন, অধিকাংশ ব্যবহারকারী প্রযুক্তির জটিল দিক নিয়ে ভাবেন না; তারা কম খরচে কার্যকর ও সহজ সেবা পেতে আগ্রহী।

এর আগে ভারতসহ বিভিন্ন দেশে কম মূল্যের এআই সেবা চালু করেছে ওপেনএআই এবং অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠান। গত বছর ওপেনএআই ভারতে সাশ্রয়ী মূল্যের চ্যাটজিপিটি সাবস্ক্রিপশন চালু করার পর গুগলও অনুরূপ উদ্যোগ নেয়।

বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্রের বাজারে গুগলের এই মূল্য হ্রাসের সিদ্ধান্ত এআই খাতের প্রতিযোগিতাকে আরও তীব্র করবে। পাশাপাশি ওপেনএআই, অ্যানথ্রপিকসহ অন্যান্য প্রতিষ্ঠানও তাদের মূল্য ও সেবার কাঠামো পুনর্বিবেচনা করতে পারে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft