প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৯:৫৬ এএম

ঢাকাসহ দেশের ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, ঝড়ো আবহাওয়ার সম্ভাবনার কারণে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং যাত্রীদের আবহাওয়ার সর্বশেষ তথ্য অনুসরণ করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
জ/উ