বর্ষায় গারো পাহাড়ে প্রকৃতির মোহনীয় রূপ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৭:৫১ পিএম

বর্ষার ছোঁয়ায় নতুন রূপে সেজেছে শেরপুরের গারো পাহাড়। সবুজ অরণ্য, ঝিরিঝিরি বৃষ্টি, পাহাড়ি ছড়া ও মেঘের আনাগোনায় প্রকৃতিপ্রেমীদের জন্য এ সময়টি হয়ে উঠেছে ভ্রমণের অন্যতম আকর্ষণ।

মেঘালয়ের সীমান্তঘেঁষা শেরপুরের গারো পাহাড় ঢাকা থেকে প্রায় ২২০ কিলোমিটার এবং ময়মনসিংহ থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে অবস্থিত। শাল-গজারি বনের সবুজে ঘেরা এ অঞ্চলে বর্ষাকালে প্রকৃতি যেন নতুন প্রাণ ফিরে পায়। বৃষ্টিভেজা বন, পাখির কোলাহল এবং পাহাড়ি পরিবেশ পর্যটকদের কাছে ভিন্ন অভিজ্ঞতা এনে দেয়।

বর্ষার সময়ে পাহাড়ের বিভিন্ন ছড়া ও ঝরনায় পানির প্রবাহ বেড়ে যায়। পাহাড়ের ঢালে মেঘের খেলা, স্নিগ্ধ আবহাওয়া এবং প্রাকৃতিক সৌন্দর্য দর্শনার্থীদের মনকে প্রশান্ত করে। নগর জীবনের ব্যস্ততা থেকে স্বল্প সময়ের জন্য মুক্তি পেতে অনেকেই এ সময় গারো পাহাড়কে ভ্রমণ গন্তব্য হিসেবে বেছে নেন।

গারো পাহাড় এলাকায় দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে নালিতাবাড়ী উপজেলার পানিহাটা, বারোমারী মিশন ও মধুটিলা ইকোপার্ক, ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া রাবার বাগান, গজনী সীমান্ত সড়ক ও অবকাশ কেন্দ্র, এবং শ্রীবরদী উপজেলার রাজার পাহাড় ও হাড়িয়াকোনা পাহাড়।

পর্যটকদের আবাসনের সুবিধা বাড়াতে জেলায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের একটি মোটেল নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে গজনী এলাকায় বনরাণী রিসোর্টে রাত্রিযাপনের ব্যবস্থা রয়েছে। এছাড়া শেরপুর শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান করেও একদিনের ভ্রমণে গারো পাহাড় ঘুরে দেখা যায়।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া জানান, গজনী অবকাশ কেন্দ্রে পর্যটকদের নিরাপত্তায় পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি ঝিনাইগাতী ও নালিতাবাড়ী থানা পুলিশ সীমান্তবর্তী এলাকায় বিজিবির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

বর্ষার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি ভ্রমণে যাওয়ার আগে আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস জেনে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft