প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৮:০১ পিএম

টানা ভারী বর্ষণ, পাহাড়ধস এবং সড়ক যোগাযোগের ঝুঁকির কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিসহ উপজেলার সব পর্যটনকেন্দ্র আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৫টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বে জারি করা নির্দেশনা সংশোধন করে সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ি উপজেলার সব পর্যটনকেন্দ্র পুনরায় ভ্রমণের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে বর্ষা মৌসুমে ভ্রমণের সময় পর্যটকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের জারি করা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এর আগে টানা ভারী বর্ষণ, পাহাড়ধস এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার ঝুঁকি বিবেচনায় গত ৭ জুলাই জেলা প্রশাসন জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে সাজেকের সব পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল। ওই সময় নতুন কোনো পর্যটককে সাজেকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
বৈরী আবহাওয়া ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সে সময় সাজেকে অবস্থানরত ৫৬১ জন পর্যটক আটকা পড়েন। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পর্যায়ক্রমে তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। প্রথম দফায় ৯ জুলাই ১৫০ জন এবং দ্বিতীয় দফায় ১০ জুলাই আরও ৩১১ জন সাজেক ত্যাগ করেন। পরবর্তীতে অবশিষ্ট পর্যটকদেরও নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতির উন্নতি এবং সড়ক যোগাযোগ স্বাভাবিক হওয়ায় পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ি উপজেলার সব পর্যটনকেন্দ্র পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জ/দি