সৌদি আরবের ভিসা নিয়ে সুখবর, চালু হলো ‘প্যাকেজ ভিসা’
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ২:৪০ পিএম

পর্যটকদের জন্য ভ্রমণ প্রক্রিয়া আরও সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ পাইলট প্রকল্প চালু করেছে সৌদি আরব। এর আওতায় ফ্লাইট, হোটেল ও পর্যটন ভিসা একসঙ্গে একটি সমন্বিত প্যাকেজের মাধ্যমে পাওয়া যাবে। মঙ্গলবার (৭ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, প্রাথমিকভাবে অনুমোদিত ভ্রমণ ও পর্যটনসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পরীক্ষামূলকভাবে এ সেবা চালু করা হচ্ছে।

নতুন ব্যবস্থায় ভ্রমণকারীরা একটি প্যাকেজের মাধ্যমেই পর্যটন ভিসার আবেদন করতে পারবেন। এতে যাওয়া-আসার বিমান টিকিট, লাইসেন্সপ্রাপ্ত হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ভিসা আবেদন অন্তর্ভুক্ত থাকবে।

এ ছাড়া ভ্রমণকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠান, পর্যটন কার্যক্রম ও ভ্রমণ-অভিজ্ঞতাও প্যাকেজে যুক্ত করতে পারবেন। ফলে ফ্লাইট, হোটেল ও ভিসার জন্য আলাদাভাবে আবেদন করার প্রয়োজন হবে না।

শুধুমাত্র ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা এবং ২৪ ঘণ্টার গ্রাহকসেবা নিশ্চিত করতে সক্ষম অনুমোদিত ট্রাভেল এজেন্সিগুলো এ সেবা প্রদান করতে পারবে।

গালফ নিউজ জানায়, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির অংশ হিসেবে পর্যটন খাত সম্প্রসারণের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটন মন্ত্রণালয়ের নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বীমা কর্তৃপক্ষ যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

এর আগে দেশটি ই-ভিসা, অন-অ্যারাইভাল ভিসা এবং স্টপওভার ট্রানজিট ভিসাসহ বিভিন্ন সহজতর প্রবেশব্যবস্থা চালু করেছে। এসব উদ্যোগের ফলে সৌদি আরবের পর্যটন খাত উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। ২০২৫ সালে দেশটিতে ২ কোটি ৯০ লাখের বেশি পর্যটক ভ্রমণ করেছেন।

সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব বলেন, নতুন প্যাকেজ ভিসা দর্শনার্থীদের ভ্রমণ অভিজ্ঞতা আরও সহজ ও নির্বিঘ্ন করবে।

তিনি বলেন, ‘সৌদি আরবের পর্যটন খাত বরাবরই উচ্চাভিলাষী। প্যাকেজ ভিসার মাধ্যমে আমরা এই খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। আমাদের লক্ষ্য ভ্রমণ ও পর্যটন খাতের অংশীদারদের সক্ষমতা বৃদ্ধি, দর্শনার্থীদের জন্য ভ্রমণ সহজ করা এবং সৌদি আরব ভ্রমণকে আরও স্মার্ট ও ঝামেলামুক্ত করা।’

মন্ত্রণালয়ের মতে, এই উদ্যোগ পর্যটকদের দীর্ঘ সময় অবস্থান, সমৃদ্ধ ভ্রমণ অভিজ্ঞতা এবং পর্যটন খাতে ব্যয় বৃদ্ধিতে উৎসাহিত করবে। পাশাপাশি বিদেশি পর্যটকদের জন্য সৌদি আরবে প্রবেশ আরও সহজ ও সুবিধাজনক হবে। সূত্র: গালফ নিউজ।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft