প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১:৩০ পিএম

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ ইরাকের পবিত্র নগরী নাজাফে পৌঁছেছে। এ উপলক্ষে আয়োজিত শোক র্যালিতে লাখো মানুষ অংশ নিয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি।
বুধবার (৮ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে আসা অনুসারীদের উপস্থিতিতে নাজাফে ব্যাপক জনসমাগম ঘটে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভোর হওয়ার আগেই হাজার হাজার মানুষ ইমাম আলীর (রা.) মাজার ও আশপাশের এলাকায় জড়ো হন।
মরদেহ মাজারে পৌঁছানোর পর সেখানে শোক র্যালি অনুষ্ঠিত হয়। সকাল ৬টায় শুরু হওয়া শোকযাত্রা ইমাম আলীর (রা.) মাজার থেকে কুফা সেতু, থাওরাত আল-আশরিন চৌরাস্তা হয়ে আল-সাদরিন স্কয়ারের দিকে অগ্রসর হয়। পরে মরদেহ কারবালার উদ্দেশে নেওয়া হয়।
ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) জানিয়েছে, নাজাফের শোক র্যালিতে ২৩ লাখের বেশি মানুষ অংশ নিয়েছেন এবং বিভিন্ন এলাকা থেকে মানুষ আসতে থাকায় এ সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে আল মায়াদিন টেলিভিশন কারবালা গভর্নরেটের বরাত দিয়ে জানিয়েছে, কারবালায় বিপুল সংখ্যক শোকাহত মানুষের আগমনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সরকারি সময়সূচি অনুযায়ী, বুধবার বিকেলে মরদেহ কারবালায় নেওয়া হবে। এরপর নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার উত্তর-পূর্ব ইরানের মাশহাদে অষ্টম শিয়া ইমাম রেজার (রা.) মাজারে আয়াতুল্লাহ খামেনিকে দাফন করা হবে।
খামেনির দাফন কার্যক্রম উপলক্ষে ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি বুধবার দেশব্যাপী সরকারি ছুটি ঘোষণা করেছেন। বিমানবন্দরে তিনি মরদেহ গ্রহণ করেন।
এর আগে তেহরানে কয়েক দিনের শোক কর্মসূচিতে দেশি-বিদেশি অতিথি, ধর্মীয় ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তী ধাপে তেহরান, কোম ও নাজাফে পৃথক শোক কর্মসূচি অনুষ্ঠিত হয়। সূত্র: প্রেস টিভি
জ/উ