প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১০:৩৯ এএম

ঢাকাই সিনেমার অভিনেত্রী অপু বিশ্বাসকে ঘিরে বিয়ের গুঞ্জনের বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা। এক সাক্ষাৎকারে তিনি অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং ব্যক্তিগত পর্যবেক্ষণের কথা তুলে ধরেন।
গৌতম সাহা বলেন, অপু বিশ্বাসের বিয়ের গুঞ্জনের বিষয়টি তিনি সামাজিক মাধ্যমে দেখেছেন। এ বিষয়ে তার কাছে কোনো নিশ্চিত তথ্য নেই। তবে খবরটি সত্য হলে তিনি অপুকে শুভকামনা জানাবেন, আর গুঞ্জন সত্য না হলেও তাতে অবাক হবেন না।
তার মতে, অর্থ ও পেশাগত সাফল্য জীবনের সবকিছু নয়। একজন নারী হিসেবে অপু বিশ্বাসও একটি সুন্দর পারিবারিক জীবনের অধিকারী। তিনি বলেন, বাবা-মাকে হারানোর পর এবং ছেলে জয়কে নিয়ে অপু নতুনভাবে সুখী হওয়ার সুযোগ পেলে সেটি ইতিবাচক হবে।
সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অপু বিশ্বাসের কঠিন সময়ের কথাও উল্লেখ করেন গৌতম। তিনি দাবি করেন, ওই সময়ে অপুকে মানসিকভাবে সাহস জোগাতে এবং কাজে ফিরতে উৎসাহ দিতে তিনি পাশে ছিলেন। পরবর্তীতে তৃতীয় পক্ষের কারণে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমানে শবনম বুবলীর সঙ্গে নিয়মিত কাজ করছেন জানিয়ে গৌতম সাহা বলেন, দীর্ঘ কর্মজীবনে অনেক শিল্পীর সঙ্গে কাজ করলেও বুবলীকে তিনি সহযোগিতাপরায়ণ ও কাজের প্রতি আন্তরিক একজন মানুষ হিসেবে পেয়েছেন।
জ/উ