বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চায় চীন
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৪:১২ পিএম

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা গভীর করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীতে চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইয়াও ওয়েন বলেন, যৌথ ইশতেহারে বাংলাদেশ ও চীন প্রতিরক্ষা বিষয়ে মতবিনিময়, উচ্চপর্যায়ের সফর, প্রশিক্ষণ এবং পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণে সম্মত হয়েছে। পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমেও দুই দেশ পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা অব্যাহত রাখবে।

চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও চীনের সহযোগিতা বহুমাত্রিক এবং প্রতিরক্ষা সহযোগিতাও এর একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে নির্দিষ্ট কোনো সামরিক ক্রয় বা প্রকল্প নিয়ে তিনি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, দুই দেশের সম্পর্ক ‘অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’ পর্যায়ে উন্নীত হওয়ায় ভবিষ্যতে প্রতিরক্ষা সহযোগিতাসহ বিভিন্ন খাতে আরও বিস্তৃত সহযোগিতা দেখা যাবে।

সংবাদ সম্মেলনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার প্রসঙ্গ তুলে রাষ্ট্রদূত বলেন, বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও আন্তর্জাতিক ন্যায়বিচার বজায় রাখতে বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করতে চায়। তিনি বলেন, বর্তমান আন্তর্জাতিক শৃঙ্খলা সমুন্নত রাখা এশিয়া ও বিশ্বের দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২২ থেকে ২৬ জুন চীন সফর করেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft