মাটি ভরাটের অভাবে সংকটে লক্ষীপুর মাদ্রাসা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১২:৩৩ পিএম

নাটোরের গুরুদাসপুর উপজেলার ১ নম্বর নাজিরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লক্ষীপুর জামিউল উলুম মাহমুদিয়া মাদ্রাসায় পর্যাপ্ত নিজস্ব জমি থাকা সত্ত্বেও মাটি ভরাটের অভাবে নতুন ভবন নির্মাণ করা সম্ভব হচ্ছে না। ফলে একটি মাত্র শ্রেণিকক্ষে প্রায় ৫০ জন শিক্ষার্থীকে গাদাগাদি করে পাঠ গ্রহণ করতে হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষার পরিবেশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসাটিতে বর্তমানে প্রায় ৫০ জন শিক্ষার্থী ও তিনজন শিক্ষক রয়েছেন। কিন্তু নিচু জমি ভরাট না হওয়ায় নতুন শ্রেণিকক্ষ নির্মাণের উদ্যোগ বাস্তবায়ন করা যাচ্ছে না। ফলে একটি কক্ষেই সব শ্রেণির পাঠদান পরিচালনা করতে হচ্ছে, যা শিক্ষক-শিক্ষার্থী উভয়ের জন্যই কষ্টসাধ্য হয়ে উঠেছে।

এদিকে মাদ্রাসায় যাতায়াতের একমাত্র প্রায় তিন কিলোমিটার কাঁচা সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সড়কের দুটি কালভার্ট রাস্তার তুলনায় অনেক উঁচু হওয়ায় যানবাহন চলাচল প্রায় অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের দাবি, কালভার্ট দুটির উভয় পাশে দ্রুত মাটি ভরাট করে সড়কটি চলাচলের উপযোগী করা এবং মাদ্রাসার নির্ধারিত জায়গায় মাটি ভরাটের ব্যবস্থা গ্রহণ করা হলে শিক্ষা কার্যক্রমের প্রসার ঘটবে এবং শিক্ষার্থীরা একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশে লেখাপড়ার সুযোগ পাবে।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বলেন, আমাদের নিজস্ব জায়গা রয়েছে। কিন্তু মাটি ভরাট না থাকায় সেখানে নতুন ভবন নির্মাণ করা যাচ্ছে না। বাধ্য হয়ে একটি কক্ষেই প্রায় ৫০ জন শিক্ষার্থীকে গাদাগাদি করে পাঠদান করতে হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কাছে আমাদের বিনীত অনুরোধ, মাটি ভরাটের ব্যবস্থা করে দিলে আমরা নতুন ভবন নির্মাণ করতে পারব। এতে শিক্ষার্থীরা আরও সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। স্থানীয় অভিভাবক ও সচেতন মহল দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft