প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১০:১২ এএম

রাজধানীর কাঁটাবনের আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ১টার দিকে ১৪ তলা বিশিষ্ট আল বারাকা টাওয়ারের ১২তম তলায় আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ১১ ও ১৩ তলায় ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর ভবনের কয়েকজন বাসিন্দা ও কর্মচারী আটকা পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে মুমূর্ষু অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিরাপদে বেরিয়ে আসা বাসিন্দারা জানান, ভবনটি আবাসিক হিসেবে ব্যবহারের অনুমোদন থাকলেও আগুন লাগা তলায় আইনজীবীদের চেম্বার পরিচালিত হচ্ছিল। আগুনের সময় ভেতরে আটকে পড়া দুজন মুঠোফোনে উদ্ধারের জন্য যোগাযোগ করেছিলেন। পরে তাদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।
জ/উ