প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৩:৫১ পিএম

পর্দায় জয়া আহসানের উপস্থিতি মানেই নতুন চরিত্র, ভিন্ন গল্প আর আবেগঘন এক অভিজ্ঞতা। বাংলাদেশ থেকে কলকাতা—দুই বাংলার দর্শকের কাছে সমান জনপ্রিয় এই অভিনেত্রী এবার হাজির হচ্ছেন নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’ নিয়ে।
গতকাল শুক্রবার (২৬ জুন) প্রকাশ পেয়েছে জয়া আহসান অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’র দ্বিতীয় কিস্তি ‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার। ট্রেলারটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেছেন অভিনেত্রী। পাশাপাশি সম্পর্ক ও জীবনের জটিলতা নিয়ে দিয়েছেন একটি আবেগঘন বার্তা।
জয়া লিখেছেন, “জীবন কোনোদিনই সরল ছিল না, হবেও না। তবু সমীকরণ বদলে বদলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে চায় মানুষ।”
সম্পর্কের নানা দিক তুলে ধরে তিনি আরও লেখেন, “এই অনন্ত খোঁজের খেলায় কোনো প্রাক্তন বা বর্তমানের ভেদাভেদ থাকে না। সব গণ্ডি মুছে যায়। এরকমই সামনে চলার কঠিন একটা দলিল ‘আজও অর্ধাঙ্গিনী’।”
আগামী ১০ জুলাই কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে গুণী নির্মাতা কৌশিক গাঙ্গুলী পরিচালিত সিনেমাটি।
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন, ভালোবাসা, অভিমান ও ক্ষমার গল্প নিয়ে দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছিল। সেই গল্পেরই নতুন অধ্যায় নিয়ে আসছে ‘আজও অর্ধাঙ্গিনী’।
এর আগে সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জয়া আহসান বলেছিলেন, “‘অর্ধাঙ্গিনী’ ছিল অত্যন্ত পরিণত ও সংবেদনশীল একটি গল্প। সেই গল্পের পরবর্তী অংশে কাজ করতে পারাটা আমার জন্য আনন্দের।”
সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে আগের কিস্তির কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলী ও জয়া আহসানের পাশাপাশি নতুনভাবে যুক্ত হয়েছেন ইন্দ্রাশিস রায় ও অম্বরীশ ভট্টাচার্য।
জ/দি