প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১:১০ পিএম

বলিউড ও হলিউড-দুই ইন্ডাস্ট্রিতেই সফল ক্যারিয়ার গড়া সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াংকা চোপড়া জানিয়েছেন, তিনি সকালে ঘুম থেকে উঠতে একেবারেই পছন্দ করেন না, যদি না সেটির পেছনে কোনো কাজ বা অর্থনৈতিক কারণ থাকে।
এক সময় ভারতে দীর্ঘ শিফটে টানা কাজ করার অভিজ্ঞতার কথা উল্লেখ করে প্রিয়াংকা বলেন, ব্যস্ত পেশাগত জীবনে তিনি ১৪ ঘণ্টার শিফটেও কাজ করেছেন। বিভিন্ন টাইম জোনে কাজ করার অভ্যাস থাকলেও সকালে ঘুম থেকে ওঠা তার কাছে এখনো স্বাভাবিকভাবে আরামদায়ক নয়।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি সকালে তখনই উঠতে পারি, যদি এর জন্য আমাকে টাকা দেওয়া হয়।” অর্থাৎ কাজের বাধ্যবাধকতা না থাকলে তিনি দেরিতে ঘুম থেকে ওঠাই পছন্দ করেন।
তবে স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে তিনি সকালে কিছু অভ্যাসও গড়ে তুলেছেন। এর মধ্যে অন্যতম হলো তামার পাত্রে পানি পান করা। আগে সকালে কফি দিয়ে দিন শুরু করলেও বর্তমানে তিনি প্রথমে পানি পান করেন, এরপর কফি।
প্রিয়াংকার মতে, তামার পাত্রে পানি পান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়ক। এদিকে দীর্ঘ প্রায় ১০ বছর পর আবারও ভারতীয় চলচ্চিত্রে ফিরছেন তিনি। এস. এস. রাজামৌলীর নতুন সিনেমা ‘বারানসি’-তে তাকে দেখা যাবে।
জানা গেছে, ছবিটিতে তিনি বড় অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন, যা নিয়ে ইতোমধ্যে আলোচনা তৈরি হয়েছে। ২০২৭ সালের এপ্রিলে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
জ/উ