প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১:২৯ পিএম আপডেট: ২৪.০৬.২০২৬ ৫:৪৮ পিএম

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ শেষে বুলেট ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুর ২টায় তিনি দালিয়ান থেকে হাই-স্পিড ট্রেনে রওয়ানা হন। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এর আগে একই দিন সকালে দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘গ্রীষ্মকালীন দাভোস’ বা ১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস-এ অংশ নেন তিনি।
এবারের সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা অংশ নেন।
ডব্লিউইএফ সূত্রে জানা যায়, এবারের সম্মেলনে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে প্রায় ১ হাজার ৭০০ জনেরও বেশি প্রতিনিধি—রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব অংশ নেন।
আয়োজকদের মতে, ‘গ্রীষ্মকালীন দাভোস’-এ অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক বিনিয়োগ ও সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করতে পারবে। একই সঙ্গে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও সেরা অনুশীলন বিনিময়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক সক্ষমতা আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২২ জুন চীনের দালিয়ানে এই সফর শুরু করেন।
জ/উ