প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৪:৩৯ পিএম আপডেট: ২৪.০৬.২০২৬ ৭:৩৯ পিএম

চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে এবং স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিং পৌঁছান।
এর আগে বাংলাদেশ সময় দুপুর ১২টায় দালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশ্যে রওয়ানা হন প্রধানমন্ত্রী। এ সময় সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে একই দিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)-এর ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশ নেন। চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ সম্মেলনে বিশ্ব অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস শীর্ষক এ আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ অংশ নেন।
এছাড়া ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে প্রায় ১ হাজার ৭০০ প্রতিনিধি-রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যমকর্মীরা সম্মেলনে অংশগ্রহণ করেন।
বিশ্লেষকদের মতে, গ্রীষ্মকালীন দাভোসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বৈদেশিক বিনিয়োগ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জ/উ