প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:১৩ পিএম

পেনশন আবেদন ও মঞ্জুরির দীর্ঘদিনের ভোগান্তি কমাতে সরকার ‘অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ (ওপিটিএমএস) চালু করতে যাচ্ছে। নতুন এই ব্যবস্থার মাধ্যমে পেনশনভোগীরা অনলাইনে আবেদন জমা দিতে, আবেদন প্রক্রিয়ার অগ্রগতি অনুসরণ করতে এবং প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
মঙ্গলবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ওপিটিএমএস বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা পেনশন সংক্রান্ত কাজে দীর্ঘদিন ধরে বিলম্ব, জটিলতা এবং দফতরে বারবার যাতায়াতের সমস্যার মুখোমুখি হন। নতুন এই ডিজিটাল ব্যবস্থা চালু হলে এসব ভোগান্তি অনেকাংশে কমে আসবে।
তিনি আরও বলেন, ওপিটিএমএস চালু হলে আবেদন থেকে শুরু করে অনুমোদন পর্যন্ত পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা সম্ভব হবে, ফলে পেনশন প্রাপ্তি আরও দ্রুত ও সহজ হবে। একই সঙ্গে সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি পাবে।
প্রতিমন্ত্রী মন্তব্য করেন, সরকারি দফতরে না গিয়ে অনলাইনে সেবা পাওয়ার সুযোগ বৃদ্ধি পেলে তা দুর্নীতি হ্রাসেও কার্যকর ভূমিকা রাখবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং হিসাব মহানিয়ন্ত্রক এস এম রেজভী।
জ/উ