প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৬:২১ পিএম

চলতি ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন ও উন্নয়ন বাজেটের খাতে বিল দাখিলের সর্বশেষ তারিখ নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়। সব হিসাবরক্ষণ কার্যালয়ে আগামীকাল ২৫ জুন (বৃহস্পতিবার) তারিখের মধ্যে বিল দাখিল করতে হবে।
বুধবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, বাজেট-১ অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
যুগ্মসচিব (বাজেট-১) মোহাম্মদ ফারুক-উজ-জামান স্বাক্ষরিত পরিপত্রে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আর্থিক শৃঙ্খলা সংশ্লিষ্ট বলে উল্লেখ করা হয়।
পরিপত্রে বলা হয়, পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ অবমুক্তির সময়সীমা, বাজেট বিল দাখিল ও নিষ্পত্তি এবং চেক অথবা ইএফটি ইস্যুর মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে সব ধরণের বেতন-ভাতা সংক্রান্ত বিল এ সময়সীমার আওতামুক্ত থাকবে। অর্থাৎ জুন মাসের বেতন-ভাতার বিল ২৫ জুনের পরও দাখিল করা যাবে।
নির্দেশনাটি মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, হিসাব মহানিয়ন্ত্রক, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।
জ/উ