প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৩:০৭ পিএম

দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠী, সংখ্যালঘু, নৃ-গোষ্ঠী এবং ভিন্ন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর কল্যাণ ও সাংবিধানিক অধিকার সুরক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সীতাকুণ্ড স্রাইন কমিটির প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয় নির্বিশেষে দেশের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই সরকারের অন্যতম অঙ্গীকার। এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারায় সব সম্প্রদায়ের মানুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তিনি উল্লেখ করেন, বিভিন্ন সময়ে একটি মহল রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানোর চেষ্টা করে থাকে। তবে বাস্তবে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে।
বৈঠকে সীতাকুণ্ড স্রাইন কমিটির নেতৃবৃন্দ চট্টগ্রামের ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চন্দ্রনাথ ধামে আগত ভক্তদের বিভিন্ন সমস্যার কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন। তারা জানান, প্রতিবছর দেশ-বিদেশ থেকে হাজারো ধর্মপ্রাণ মানুষ সেখানে পূজা-অর্চনা ও তীর্থযাত্রায় অংশ নিতে আসেন। তবে পর্যাপ্ত অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে তাদের কিছু ভোগান্তির মুখে পড়তে হয়।
তাদের বক্তব্য শোনার পর মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি চন্দ্রনাথ ধামের সিঁড়ি নির্মাণ ও সংস্কার, মন্দির উন্নয়ন এবং পার্শ্ববর্তী এলাকার অবকাঠামোগত সুবিধা বৃদ্ধিতে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
জ/উ