প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১১:৪৮ এএম

ব্যাচেলরদের জীবনের নানা হাস্যরসাত্মক কাণ্ড নিয়ে ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। বর্তমানে এর পঞ্চম সিজন চলছে। এরই মধ্যে সিজনের ১২টি চ্যাপ্টার প্রচারিত হয়েছে। প্রতি চ্যাপ্টারে রয়েছে আটটি করে পর্ব। এবার আসছে ১৩তম চ্যাপ্টার, আর এটি চলমান বিশ্বকাপ ফুটবল উপলক্ষেই বানানো হচ্ছে।
ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার হয়ে মাঠে খেলবেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শিল্পীরা। আর সে ম্যাচ ঘিরেই হবে নতুন চ্যাপ্টার। এখানেই শেষ নয়, নির্বাচিত দর্শক সুযোগ পাবেন মাঠে বসে ওই ম্যাচ দেখার সুযোগ।
গতকাল চমকপ্রদ খবরটি জানিয়েছেন ধারাবাহিকটির নির্মাতা কাজল আরেফিন অমি। এক ফেসবুক বার্তায় তিনি লেখেন, “আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল। ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের উত্তেজনাপূর্ণ লড়াই এবার ‘ব্যাচেলর পয়েন্ট’-এ।”
সেই সঙ্গে প্রকাশ করা হয়েছে এই চ্যাপ্টারের পোস্টার। তাতে দেখা গেল, ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি গায়ে ‘ব্যাচেলর’ সদস্যরা। এর মধ্যে ব্রাজিলের জার্সিতে রয়েছেন জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাভেল ও শামীম হাসান সরকার। আর আর্জেন্টিনার নীল-সাদায় আছেন তৌসিফ মাহবুব, চাষী আলম ও মারজুক রাসেল।
জানা গেছে, মূল ম্যাচে প্রতি দলে সাতজন করে খেলবেন। তাদের সঙ্গে উপস্থিত থাকবেন ধারাবাহিকের অন্য শিল্পীরাও। প্রতি চ্যাপ্টারেই বঙ্গতে অগ্রিম বুকিং নেওয়া হয়। এবারও তাই থাকছে। যারা ১৩তম চ্যাপ্টার দেখার জন্য আগাম বুকিং করবেন, তাদের মধ্য থেকেই ১০০ জনকে রাখা হবে দর্শক সারিতে। এমন সুযোগের কথা জানতে পেরে উচ্ছ্বসিত ভক্তরাও। নির্মাতার পোস্টে আগ্রহ প্রকাশ করছেন তারা।
উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনে আরো অভিনয় করছেন শিমুল শর্মা, মনিরা মিঠু, আব্দুল্লাহ রানা, মুসাফির সৈয়দ বাচ্চু, আরফান মৃধা শিবলু, লামিমা লামসহ অনেকে।
জ/ই