প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৫:২২ পিএম

প্রায় তিন বছরের বিরতির পর আবারও ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। আগামী ২১ জুন চরকিতে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’।
এই ওয়েব ফিল্মে মিম অভিনয় করেছেন ‘অনন্যা’ চরিত্রে। চরিত্রটি সময়, সংগ্রাম ও আত্মঅনুসন্ধানের এক ভিন্ন গল্প তুলে ধরবে বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মিম বলেন, দীর্ঘদিন ওটিটি থেকে দূরে থাকার পেছনে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। ভালো গল্প ও শক্তিশালী চরিত্রের অপেক্ষায় ছিলেন বলেই নতুন কাজে সময় নিয়েছেন।
তিনি বলেন, ‘যখন মনে হয়েছে গল্প ও চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছি, তখনই কাজটি করেছি।’ একই সময়ে তার সিনেমা ‘দিগন্তে ফুলের আগুন’-এর কাজও শেষ হয়েছিল বলে জানান এই অভিনেত্রী।
‘লাইফলাইন’ প্রসঙ্গে মিম বলেন, এটি জীবনের এক ভিন্ন যাত্রার গল্প। ফিল্মটির থিমেটিক পোস্টারে বালুঘড়ির মধ্যে অনন্যা চরিত্রটিকে দেখা যায়, যা সময়ের সঙ্গে লড়াইয়ের প্রতীক হিসেবেই তুলে ধরা হয়েছে।
ট্রেলারে তাকে কাউকে খুঁজতে দেখা গেলেও সেই রহস্য এখনই প্রকাশ করতে চাননি অভিনেত্রী। দর্শকদের জন্য এটিকে চমক হিসেবেই রাখতে চান তিনি।
শুটিং অভিজ্ঞতা নিয়ে মিম জানান, কুয়াকাটার দুর্গম চর এলাকায় ফিল্মটির দৃশ্যধারণ করা হয়েছে। প্রতিকূল পরিবেশ ও দীর্ঘ পথ পাড়ি দিয়ে কাজ করতে হলেও দৃশ্যগুলো ভালোভাবে ধারণ করতে পারায় সেই কষ্ট সার্থক মনে হয়েছে তার।
এরই মধ্যে ‘লাইফলাইন’-এর ট্রেলার ও গান প্রকাশের পর দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলেও জানান মিম। তার ভাষ্য, অনেক দর্শক এটিকে ‘পরাণ’-এর পর তার আরেকটি ব্যতিক্রমী কাজ হিসেবে দেখছেন।
অন্যদিকে, সম্প্রতি মুক্তি পাওয়া ‘মালিক’ সিনেমা নিয়ে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, গঠনমূলক সমালোচনাকে ইতিবাচকভাবেই দেখছেন। প্রশংসা ও সমালোচনা-দুটোকেই সমান গুরুত্ব দেন তিনি।
ভবিষ্যৎ কাজ প্রসঙ্গে মিম জানান, ইতোমধ্যে দুটি নতুন কাজ শেষ করেছেন এবং আরও কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা চলছে। শিগগিরই নিয়মিতভাবে নতুন নতুন কাজে তাকে দেখা যাবে বলেও আশা প্রকাশ করেন এই অভিনেত্রী।
জ/উ