প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৭:০৬ পিএম

ফিফা বিশ্বকাপের নকআউট পর্বকে ঘিরে নতুন গান ‘কান্ডারি চল’ প্রকাশ করেছেন সংগীতশিল্পী ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। ফুটবল উন্মাদনাকে কেন্দ্র করে তৈরি এই গানে প্রথমবারের মতো একসঙ্গে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই ও মিলা ইসলাম।
গানটিতে আরও অংশ নিয়েছেন বাম্মি, সানজানা, নাইজেরিয়ান শিল্পী ওলি বয় এবং র্যাপার ব্ল্যাক জ্যাং। গানটির কথা লিখেছেন টাইগার চৌধুরী, মাহবুব মারশেদ (শিহাব), ওলি বয় ও ব্ল্যাক জ্যাং।
মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মিরাজ হাসেন। প্রযোজনায় রয়েছে রানআউট ফিল্মস। ভিডিওটি প্রকাশ করেছে বে (Bay) তাদের অ্যাথলেটিক ব্র্যান্ড ‘স্ট্রাইকার’-এর উদ্যোগে। সহযোগী হিসেবে রয়েছে লাল তীর, জিপ বাংলাদেশ ও ভল্ট স্টুডিওস।
গানটি প্রসঙ্গে পান্থ কানাই বলেন, “ফুটবল শুধু খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ। বিশ্বকাপ এলেই শহর থেকে গ্রাম-সবখানেই উৎসবের আমেজ তৈরি হয়। সেই অনুভূতিগুলোই গানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।”
মিলা বলেন, “বিশ্বকাপ উপলক্ষে এমন প্রাণবন্ত একটি গানের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। ফুয়াদের সংগীতায়োজনে সবসময় নতুনত্ব থাকে। বিভিন্ন ঘরানার শিল্পীদের অংশগ্রহণ গানটিকে আরও বৈচিত্র্যময় করেছে।”
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়-পাড়ার মাঠ, ছাদের আড্ডা, চায়ের দোকানের তর্ক আর প্রিয় দলের পতাকায় সাজানো অলিগলি-‘কান্ডারি চল’ গানে সেই চিত্রই তুলে ধরা হয়েছে।
জ/উ