প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১০:২১ এএম

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে।
নিহতদের মধ্যে আমরপুর গ্রামের জিবাল আহমদ প্রায় ২০ বছর ধরে কাতারে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রী ও পাঁচ সন্তান নিয়ে তার পরিবার চলত প্রবাসী আয়ের ওপর। মৃত্যুর খবর পৌঁছানোর পর পরিবারে নেমে এসেছে গভীর শোক ও অনিশ্চয়তা।
স্বজনরা জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন জিবাল আহমদ। তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
একই উপজেলার আরেক প্রবাসী জসিম উদ্দিনও দীর্ঘ প্রায় ৯ বছর ধরে কাতারে ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, ধার-দেনা করে বাড়ি নির্মাণ করেছিলেন তিনি এবং দুই মাস পর দেশে ফেরার পরিকল্পনা ছিল। দুর্ঘটনায় তার মৃত্যুর খবরে স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
এ ছাড়া নিহত কাদির আহমদ, জুবায়ের আহমদ ও মোস্তাক আহমদের বাড়িতেও শোকের পরিবেশ বিরাজ করছে।
স্বজনরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে এনে দাফনের ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সহায়তা নিয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিল বলেন, বিষয়টি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি প্রক্রিয়ায় মরদেহ দ্রুত দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত রোববার স্থানীয় সময় সকালে কাতারের আল শাহানিয়া এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে প্রবাসীদের বহনকারী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।
জ/দি