নাটোরে বাঘ সদৃশ প্রাণী দেখা নিয়ে চাঞ্চল্য, আতঙ্কিত না হওয়ার পরামর্শ বন বিভাগের
নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১২:২৬ পিএম

নাটোর সদর উপজেলার লক্ষীপুর ওষুধি গ্রাম এলাকায় বাঘ সদৃশ একটি প্রাণী দেখা যাওয়ার খবরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে বন বিভাগের কর্মকর্তারা প্রাথমিকভাবে এটিকে বড় আকৃতির শেয়াল বা সমগোত্রীয় কোনো প্রাণী বলে ধারণা করছেন।

গতকাল রোববার সন্ধ্যার আগে গ্রামের একটি সড়কের পাশে ভুট্টাক্ষেতের মধ্য দিয়ে প্রাণীটিকে হেঁটে যেতে দেখা যায়। পরে স্থানীয় যুবক শহিদুল্লাহ দূর থেকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করলে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী শহিদুল্লাহ জানান, আমিরগঞ্জ বাজার সংলগ্ন সড়কের পাশে প্রাণীটিকে দেখতে পেয়ে তিনি ভিডিও করেন। পরে স্থানীয় লোকজন সেখানে জড়ো হলে প্রাণীটি ভুট্টাক্ষেতের ভেতরে চলে যায়। এরপর আর সেটির সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা নুরুজ্জামান বলেন, প্রাণীটিকে ঘিরে এলাকায় সতর্কতা তৈরি হয়েছে। বিশেষ করে শিশুদের বাইরে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে।

আরও পড়ুন : কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ আটক দম্পতি, তদন্তে পুলিশ

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বলেন, বিষয়টি জানার পর এলাকাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সন্ধ্যার পর একা চলাচল না করা এবং গবাদিপশু নিরাপদ স্থানে রাখার আহ্বান জানানো হয়েছে।

নাটোর ফরেস্ট রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ভিডিওতে প্রাণীটিকে স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে এ অঞ্চলে বাঘ থাকার সম্ভাবনা নেই। প্রাথমিকভাবে এটি শেয়াল বা একই ধরনের কোনো বন্যপ্রাণী বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, প্রাণীটি আবার দেখা গেলে সেটিকে বিরক্ত না করে বন বিভাগকে দ্রুত জানাতে হবে।

রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, নাটোর সুন্দরবন থেকে অনেক দূরে হওয়ায় এখানে বাঘ আসার সম্ভাবনা খুব কম। ভিডিও দেখে প্রাণীটিকে বড় আকৃতির শেয়াল মনে হয়েছে। তারপরও বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় অনুসন্ধান চালানো হবে বলে জানান তিনি।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft