আজ থেকে বাড়ছে জ্বালানি সরবরাহ
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৯:০৪ এএম

সারা দেশে চলমান জ্বালানি সংকট নিরসন ও ভোক্তা পর্যায়ে স্বস্তি ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। আজ সোমবার থেকে দেশের সব ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি মাসের গড় বিক্রির ওপর ভিত্তি করে ডিজেল ও পেট্রোলের সরবরাহ ১০ শতাংশ এবং অকটেনের সরবরাহ ২০ শতাংশ বাড়ানো হচ্ছে।

জানা গেছে, জনদুর্ভোগ লাঘব এবং বর্তমান চাহিদা বিবেচনা করে সোমবার (২০ এপ্রিল) থেকে বিপিসির তিন বিপণন কোম্পানি—পদ্মা, মেঘনা ও যমুনাকে বর্ধিত হারে তেল সরবরাহের নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

গতকাল রোববার (১৯ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানায় বিপিসি।

বিপিসির বণ্টন ও পরিবীক্ষণ অধিশাখা থেকে জারি করা এই নির্দেশনার ফলে সোমবার থেকে দৈনিক ১৩ হাজার ৪৮ টন ডিজেল, ১ হাজার ৫১১ টন পেট্রোল এবং ১ হাজার ৪২২ টন অকটেন বাজারে সরবরাহ করা হবে।

এর আগে ফিলিং স্টেশনগুলোত প্রতিদিন ডিজেল ১১ হাজার ৮৬২, অকটেন ১ হাজার ১৮৫ টন ও পেট্রোল ১ হাজার ৩৭৪ টন সরবরাহ করা হতো।

বিপিসির তথ্য অনুযায়ী, চলতি এপ্রিল মাসের প্রথম ১৮ দিনে দেশে মোট ৩ লাখ ৭ হাজার ১৮৮ টন জ্বালানি বিক্রি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা ছিল ডিজেলের, যার পরিমাণ ২ লাখ ৮২২ টন। একই সময়ে পেট্রোল বিক্রি হয়েছে ২২ হাজার ৫৫৫ টন এবং অকটেন ২০ হাজার ৪১২ টন।

গত বছরের একই সময়ের তুলনায় এবার বিক্রির পরিমাণ অনেক বেশি হলেও সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতির কারণে বাজারে কিছুটা অস্থিরতা দেখা দেয়। গত ১৮ এপ্রিল এক দিনেই দেশে ১২ হাজার ১৩১ টন ডিজেল বিক্রি হয়েছিল।

বিশ্ববাজারে তেলের মূল্যবৃদ্ধি এবং ভূ-রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে গত শনিবার রাতে দেশের বাজারে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করে সরকার। প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা, অকটেন ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রোল ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও আমদানি ব্যয় বিবেচনায় নিয়ে দাম কিছুটা সমন্বয় করতে হয়েছে, যাতে দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft