প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১১:৪১ এএম আপডেট: ১৬.০৪.২০২৬ ১২:৩৬ পিএম

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে ‘যুক্তরাষ্ট্র যদি আধিপত্য বিস্তারের চেষ্টা করে তাহলে মার্কিন নৌবহরকে লক্ষ্যবস্তু করা হবে।’
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে রেজাই বলেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের উপস্থিতি ‘অবৈধ ও উসকানিমূলক’। তিনি প্রশ্ন তুলে বলেন, “যুক্তরাষ্ট্র কেন এখানে পুলিশি ভূমিকা নিতে চায়? এটি কোনোভাবেই তাদের দায়িত্ব নয়।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন যুদ্ধজাহাজগুলো ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে টিকতে পারবে না। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ওই দিন ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে আঘাত হানার পর থেকেই উত্তেজনা বাড়তে থাকে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করে এবং নিরাপত্তা জোরদার করে। এর পরপরই যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে অতিরিক্ত নৌবাহিনী মোতায়েন করে এবং ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দরকে ঘিরে কার্যত নজরদারি ও অবরোধ জোরদার করে।
এমন পরিস্থিতি শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতির জন্যও বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের একটি বড় অংশ হরমুজ প্রণালির মধ্য দিয়ে চলাচল করে। ফলে এই রুটে যেকোনো ধরনের বাধা সৃষ্টি হলে তেল ও জ্বালানি নিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হচ্ছে। সূত্র : এএফপি
জ/উ