প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩:১০ পিএম

ফ্রান্সের ইভিয়ান-লে-বাঁ-এ অনুষ্ঠিত গ্রুপ অব সেভেন (জি-৭) শীর্ষ সম্মেলনে বিশ্বনেতাদের উপস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সৌজন্য বিনিময় নতুন করে আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুই নেতার সম্পর্কিত ‘মেলোডি’ ট্রেন্ড আবারও ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সম্মেলনের আনুষ্ঠানিক গ্রুপ ফটো তোলার আগে মোদি ও মেলোনি একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও করমর্দন করেন। ভিডিওর অডিও স্পষ্ট না হলেও সেখানে মোদি তাদের অনলাইন জনপ্রিয়তার প্রসঙ্গ উল্লেখ করেন বলে ধারণা করা হচ্ছে।
এর জবাবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে হাসিমুখে বলতে শোনা যায়, “হ্যাঁ, আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে বিখ্যাত জুটি।”
এই মন্তব্যের মধ্য দিয়ে আবারও আলোচনায় এসেছে ‘মেলোডি’ শব্দটি-যা মোদি ও মেলোনির নামের সংমিশ্রণে তৈরি একটি অনানুষ্ঠানিক অনলাইন ট্রেন্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুই নেতার সৌজন্যপূর্ণ মুহূর্তগুলো ঘিরে ইতোমধ্যে বহু মিম ও ভিডিও ভাইরাল হয়েছে।
এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন ও দ্বিপাক্ষিক সফরে দুই নেতার স্বতঃস্ফূর্ত মুহূর্ত সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ২০২৩ সাল থেকে শুরু হওয়া এই ট্রেন্ড ধীরে ধীরে রাজনৈতিক কূটনীতির বাইরেও জনপ্রিয় সাংস্কৃতিক আলোচনায় জায়গা করে নিয়েছে।
২০২৪ সালে মেলোনি নিজেই একটি সেলফি পোস্ট করে “মেলোডি” শব্দটি ব্যবহার করেন। পরবর্তী সময়েও বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে দুই নেতার যৌথ উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে এই ট্রেন্ড আরও বিস্তৃত হয়।
বিশ্লেষকদের মতে, মোদি-মেলোনির সম্পর্ককে ঘিরে অনলাইন আগ্রহ কেবল ব্যক্তিগত সৌজন্যের প্রকাশ নয়, বরং ভারত ও ইতালির ক্রমবর্ধমান কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতারও প্রতিফলন।
বর্তমানে দুই দেশ ভারত–মধ্যপ্রাচ্য–ইউরোপ অর্থনৈতিক করিডোরসহ একাধিক বহুপাক্ষিক প্রকল্পে একসঙ্গে কাজ করছে। পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্যও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।
জি-৭ সম্মেলনের এই সৌজন্য বিনিময় তাই কূটনৈতিক আলোচনার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নতুন করে আলোড়ন তুলেছে।
জ/উ