নেত্রকোনায় বোরো ফসল রক্ষায় জরুরি ও স্থায়ী উদ্যোগের আশ্বাস ব্যারিস্টার কায়সার কামালের
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৯:০৭ পিএম

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোরাডোবা বিল এলাকায় পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে থাকা বোরো ফসল রক্ষায় জরুরি পদক্ষেপের পাশাপাশি স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
গতকাল বৃহস্পতিবার বিকেলে গোরাডোবা বিল এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, দীর্ঘদিন ধরে নদী ও খাল খনন না হওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে, ফলে ফসলহানির আশঙ্কা বাড়ছে। তিনি জানান, বর্তমান সরকার নদী ও খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে। এর ফলে এ ধরনের সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, অতীতে প্রবাহমান নদীগুলো লিজ দেওয়া হলেও এখন সেই নীতি থেকে সরে আসা হয়েছে। ইতিমধ্যে নেত্রকোনার উদ্বাখালিসহ তিনটি নদী উন্মুক্ত ঘোষণা করা হয়েছে এবং ভবিষ্যতে এসব নদী আর লিজ দেওয়া হবে না।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকাইল ইসলাম, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ শফিকুল ইসলামসহ স্থানীয় বিএনপির নেতারা।
উল্লেখ্য, গোরাডোবা বিল এলাকার প্রায় ১০টি গ্রামের কৃষকদের প্রায় ২ হাজার হেক্টর জমির বোরো ধান সাম্প্রতিক বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে। ফসল রক্ষায় কৃষকেরা স্বেচ্ছাশ্রমে মাটি কেটে অস্থায়ী বাঁধ নির্মাণ করছেন। এ কাজে উপজেলা প্রশাসনও সহায়তা দিচ্ছে।