মারা গেছেন অভিনেতা শামস সুমন
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১০:৩০ পিএম

নব্বইয়ের দশকের টিভি নাটকের জনপ্রিয় মুখ ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন।

শামস সুমন দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন আজ তার মৃত্যু হয়েছে।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে অভিনয়শিল্পী সংঘ জানিয়েছে, শামস সুমনের জানাজার নামাজ বুধবার (১৮ মার্চ) সকাল ১০টায় চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

শামস সুমনের ক্যারিয়ার শুরু হয়েছিল মঞ্চ নাটকের মাধ্যমে। পরে টিভি নাটকে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। অসংখ্য দর্শক প্রিয় নাটক রয়েছে তার ঝুলিতে।

সুপরিচিত এই অভিনেতা ‘রেডিও ভূমি’তে স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিলেন। এ চাকরির পাশাপাশি মাঝে মধ্যে তাকে অভিনয় করতে দেখা যায়। নাটকের পাশাপাশি কাজ করেছেন একাধিক সিনেমাতেও।

সেই ধারাবাহিকতায় সর্বশেষ সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালনায় ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় একজন পুলিশের চরিত্রে অভিনয় করেন শামস সুমন। 

অভিনয়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

শামস সুমনের মৃত্যুতে শোক জানিয়েছে অভিনয়শিল্পী সংঘ। শোক জানিয়েছেন তার একসময়ের কয়েকজন সহশিল্পীসহ এ প্রজন্মের শিল্পীরাও।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft