প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৪:৪৮ পিএম

রাজনৈতিক ব্যস্ততা শেষে আবারও অভিনয় ও ফিটনেসে মনোযোগ দিচ্ছেন টালিউড অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের সাবেক বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত তার কয়েকটি নাচের ভিডিও ঘিরে ভক্তদের মধ্যে অভিনয়ে ফেরার আলোচনা শুরু হয়েছে।
এক সাক্ষাৎকারে সায়ন্তিকা বলেন, নাচ তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। অভিনয়ে আসার আগ থেকেই তিনি নিয়মিত নাচের সঙ্গে যুক্ত ছিলেন। তবে রাজনৈতিক দায়িত্ব পালনের কারণে দীর্ঘদিন অনুশীলনে নিয়মিত থাকতে পারেননি।
তিনি জানান, নির্বাচনী ব্যস্ততা শেষ হওয়ার পর আবারও নিজের ফিটনেস ও নাচের চর্চা শুরু করেছেন। একজন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জন্য পর্যাপ্ত সময় বের করা সম্ভব হয়নি। অনিয়মিত জীবনযাপনের কারণে খাওয়া-দাওয়া এবং শরীরচর্চার রুটিনও ব্যাহত হয়েছিল।
সায়ন্তিকা বলেন, রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও প্রতিদিন সকালে জিমে যাওয়ার চেষ্টা করতেন। তবে অনিয়মিত রুটিনের কারণে হজমজনিত সমস্যাসহ শারীরিক কিছু জটিলতা দেখা দেয় এবং কয়েকটি স্বাস্থ্য পরীক্ষার ফলও স্বাভাবিক ছিল না।
তিনি বলেন, শরীরের গঠন নয়, সুস্থ থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই এখন সম্পূর্ণ সুস্থ হয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে এবং অভিনয়ে নতুন উদ্যমে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।
জ/উ