বিশ্বকাপ থেকে শেষ ষোলোতে বিদায়ের পর পর্তুগাল জাতীয় ফুটবল দলে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। রবার্তো মার্তিনেজের বিদায়ের পর অভিজ্ঞ পর্তুগিজ কোচ হোর্হে জেসুসকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম।
ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তার পরিচিত ‘Here we go!’ বার্তার মাধ্যমে এই নিয়োগের ইঙ্গিত দিয়েছেন। একই সঙ্গে ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএফ) সপ্তাহের শেষ নাগাদ নতুন কোচের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে চায় এবং জেসুসই তাদের শীর্ষ পছন্দ।
স্পেনের কাছে শেষ ষোলোতে ১-০ গোলে হারের পর সমালোচনার মুখে বুধবার দায়িত্ব ছাড়েন রবার্তো মার্তিনেজ। এরপরই নতুন কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করে এফপিএফ।
ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েঞ্চা বলেন, নতুন কোচ এমন একজন হবেন যিনি পর্তুগিজ ফুটবলের সংস্কৃতি ও জাতীয় দলের জয়ের মানসিকতা ভালোভাবে বোঝেন। সামনে নেশনস লিগ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এগোতে চায় ফেডারেশন।
পর্তুগিজ ফুটবলের অন্যতম সফল কোচ হোর্হে জেসুস বেনফিকার হয়ে তিনটি লিগ শিরোপাসহ মোট ১০টি ট্রফি জিতেছেন এবং দলকে দুটি ইউরোপীয় ফাইনালে তুলেছেন। পরে ব্রাজিলের ফ্ল্যামেঙ্গোতে কোপা লিবার্তাদোরেস ও ব্রাজিলিয়ান লিগসহ পাঁচটি শিরোপা জেতান। সৌদি আরবের আল হিলালের পর আল নাসরের দায়িত্ব নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে কাজ করেন এবং ক্লাবটিকে রোনালদোর যোগ দেওয়ার পর প্রথম লিগ শিরোপা এনে দেন। গত মে মাসে আল নাসর ছাড়েন তিনি।
জেসুসের আগমন জাতীয় দলে ক্রিস্টিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়েও নতুন আলোচনা তৈরি করেছে। বিশ্বকাপের আগে রোনালদো এটিকে নিজের শেষ বিশ্বকাপ বলে ঘোষণা দিলেও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেননি। ফলে ২০২৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তার খেলার সম্ভাবনা এখনও রয়েছে।
আল নাসরে একসঙ্গে কাজ করার সময় জেসুস একাধিকবার রোনালদোর নেতৃত্ব ও পারফরম্যান্সের প্রশংসা করেছিলেন। তাই অনেকের ধারণা, জাতীয় দলেও তার অধীনে রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার আরও কিছুটা দীর্ঘ হতে পারে।
বর্তমান পর্তুগাল দলের ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও ফেলিক্স, জোয়াও কানসেলো, রুবেন দিয়াজ, রুবেন নেভেস, গনজালো রামোস, রাফায়েল লেয়াঁওসহ বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে বিভিন্ন সময়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে জেসুসের। তবে বার্নার্দো সিলভার সঙ্গে অতীতের মতবিরোধ নতুন করে আলোচনায় এসেছে।
ইএসপিএনের তথ্য অনুযায়ী, পর্তুগাল ফুটবল ফেডারেশন ২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত হোর্হে জেসুসকে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছে। আনুষ্ঠানিক ঘোষণা এলে তার নেতৃত্বেই নেশনস লিগকে সামনে রেখে প্রস্তুতি শুরু করবে পর্তুগাল।