ঋণের চাপে কাঠুরিয়ার আত্মহত্যা, বাগাতিপাড়ায় ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪৮ পিএম

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ঋণের চাপ ও পারিবারিক অশান্তির জেরে ফজলুল আলী (৪০) নামে এক কাঠুরিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় উপজেলার জামনগর ইউনিয়নের ওমরগাড়ী উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফজলুল আলী একই গ্রামের ফরহাদ আলী ওরফে ফরোর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কাঠ কেটে জীবিকা নির্বাহ করতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজলুল আলী বিভিন্ন ঋণ সংস্থা থেকে ঋণ নিয়ে কাঠের ব্যবসা শুরু করেছিলেন। তবে ব্যবসায় লোকসান হওয়ায় তিনি চরম আর্থিক সংকটে পড়েন। ঋণের চাপ বাড়তে থাকায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং বিভিন্ন মহাজনের গাছ কেটে জীবিকা চালাতেন।

নিহতের বড় ছেলে মো. আসিফ ইকবাল (১৯) জানান, তার বাবা বিভিন্ন স্থানে ঋণগ্রস্ত ছিলেন। পাওনাদাররা প্রায়ই বাড়িতে এসে টাকা চাইতেন, যা নিয়ে পরিবারে অশান্তি লেগেই থাকত। এতে তিনি মানসিক চাপে ভুগছিলেন।

তিনি আরও জানান, ঘটনার আগের দিন সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ফজলুল আলী তার স্ত্রীকে মারধর করেন। পরে অসুস্থ অবস্থায় তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে মামার বাড়িতে রাখা হয়। রাতেই ফজলুল আলী বাড়ি থেকে বের হয়ে যান।

শুক্রবার সকালে পরিবারের সদস্যরা বাড়ির পাশের পুকুরপাড়ে একটি আমগাছের ডালে মাফলার দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরিবারের দাবি, ফজলুল আলী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঋণের চাপ ও পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft