রাণীনগরে একই দিনে ৪ চুরি
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৪ পিএম আপডেট: ২২.১২.২০২৫ ১:৩২ পিএম

নওগাঁর রাণীনগর উপজেলার বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত পূর্বাঞ্চলের আবাদপুকুর এলাকায় চুরির ঘটনা বেড়েই চলেছে। জেলার দ্বিতীয় বৃহত্তম ধানের হাট হিসেবে পরিচিত আবাদপুকুর হাটকে কেন্দ্র করে গত শনিবার দিবাগত রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত একই দিনে অন্তত চারটি চুরির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

আবাদপুকুর হাট এলাকায় একডালা ইউনিয়ন পরিষদের পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও চুরির ঘটনা কমছে না বলে অভিযোগ স্থানীয়দের। গত শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার পাকুড়িয়া গ্রামের একটি গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়। 

ভুক্তভোগী মারুফ হোসেন জানান, তাদের গোয়ালঘরে চারটি গরু ছিল। সকালে উঠে দেখা যায় গোয়ালঘরের তালা কাটা এবং তিনটি গরু নেই। ধারণা করা হচ্ছে, একটি গরু চোরদের অজান্তে বের হয়ে যাওয়ায় সেটি উঠানে ঘোরাফেরা করছিল। 

আরও পড়ুন : রাজধানীতে কুয়াশা মোড়ানো সকাল, পরিবর্তন আসবে না তাপমাত্রায়

তিনি আরও জানান, পুলিশকে জানিয়ে লাভ হবে কি না-এ নিয়ে তারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন। রোববার ছিল বৃহত্তর আবাদপুকুর ধানের হাটের দিন। সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে দুইজন ধান ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা চুরির ঘটনা ঘটে। এতে হাটে আসা ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে।

আবাদপুকুর হাটের হক ট্রেডার্সের মালিক ধান ব্যবসায়ী মোজাম্মেল হক জানান, ধান কেনার জন্য রাখা ৫ লাখ ৩৪ হাজার টাকা অফিসের ওয়ারড্রবে ছিল। মাত্র কয়েক মিনিটের জন্য তিনি রাস্তায় কৃষকদের ডেকে আনতে গেলে সেই সুযোগে চোরেরা ওয়ারড্রবের তালা ভেঙে টাকা চুরি করে নেয়। খবর পেয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং থানায় লিখিত অভিযোগ দিতে বলেন।

একই সময় আবাদপুকুর হাটের বড়িয়াপাড়া ট্রেডার্সের মালিক ধান ব্যবসায়ী মো. ফরিদ সরদার জানান, সকালে দোকানে এসে মোটরসাইকেল থেকে নামার পর তালা খুলতে বিলম্ব হওয়ায় সুযোগ নিয়ে চোরেরা মোটরসাইকেলে রাখা ৪ লাখ ৬৫ হাজার টাকার ব্যাগটি চুরি করে নেয়।

এছাড়া রোববার সন্ধ্যায় আবাদপুকুর হাটের মা-বাবা জুয়েলার্সে অভিনব কৌশলে এক লাখ টাকা আত্মসাৎ করে দুই নারী। জুয়েলার্সের মালিক কাজল কুমার দাস জানান, বোরকা পরিহিত দুই নারী একটি আসল ও একটি নকল সোনার চেইন নিয়ে দোকানে আসে। তারা আসল চেইন দেখিয়ে এক লাখ টাকায় বন্দক রেখে কৌশলে নকল চেইন দিয়ে টাকা নিয়ে চলে যায়।

আরও পড়ুন : নাসিরনগর আইএলএসটি শিক্ষার্থীদের আন্দোলন: নিয়োগ সংকট ও অবৈধ কোর্স বাতিলের দাবিতে ক্যাম্পাস শাটডাউন

এর আগে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবাদপুকুর বাজার মসজিদের সামনে থেকে দুটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া মোটরসাইকেল দুটি হলো- কালীগ্রাম মুন্সিপুর গ্রামের নাছির উদ্দীন খলিফা ওরফে ভোলার ডিসকভার ১১০ সিসি এবং কালীগ্রাম মরুপাড়া তালপুকুর গ্রামের বাচ্চু সোনার একটি পালসার ১৫০ সিসি। একাধিক চুরির ঘটনায় আবাদপুকুর এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল লতিফ মুঠোফোনে জানান, তিনি সদ্য থানায় যোগদান করেছেন। রোববার আবাদপুকুর এলাকায় চুরির ঘটনাস্থলগুলো সরেজমিনে পরিদর্শন করা হয়েছে এবং ভুক্তভোগীদের কাছ থেকে লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ মাঠপর্যায়ে কাজ করছে এবং দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft