প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৫:১৮ পিএম

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে নিখোঁজের এক ঘণ্টা পর বাগানের একটি গাছ থেকে সাত বছর বয়সী শিশু জায়ান মোল্লার ঝুলন্ত মরদেহ উদ্ধার না করা অবস্থায় দেখা গেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পরিবার জানায়, দুপুর ১২টার দিকে স্কুল থেকে বাড়ি ফিরে শিশু জায়ান ঘরে প্রবেশের কিছুক্ষণ পরই নিখোঁজ হয়ে যায়। পরিবার ও স্বজনরা সামাজিক যোগাযোগমাধ্যমে খোঁজের বার্তা দিয়ে আশপাশে অনুসন্ধান শুরু করেন। দুপুর ১টা ১৫ মিনিটের দিকে বাড়ির পাশের বড় একটি বাগানে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় শিশুটিকে দেখতে পান তাঁরা। পরে পরিবারের পক্ষ থেকে আলফাডাঙ্গা থানায় বিষয়টি জানানো হয়।
পরিবারের অভিযোগ, শিশু জায়ানকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির পরনের প্যান্ট খুলে মুখের ওপর রেখে দেওয়া ছিল, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে। নিহত জায়ান মোল্লা পাকুড়িয়া গ্রামের প্রবাসী পলাশ মোল্লার একমাত্র ছেলে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি সন্দেহজনক মনে হচ্ছে। মরদেহের ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জ/উ