চাঁদপুর-২ আসনে বিএনপির প্রার্থী রিভিউয়ের দাবি
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৪:৩৯ পিএম

চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে বিএনপির দলীয় প্রার্থী পুনর্বিবেচনার (রিভিউ) দাবিতে হাজারো নেতাকর্মীর ঢল নেমেছে। গতকাল বুধবার রসুলপুর হাজী চাঁন বক্স সরকার দাখিল মাদ্রাসার মাঠে মতলব উত্তর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় এই দাবি জোরালোভাবে তুলে ধরেন নেতাকর্মীরা।

যদিও জনসভাটি আয়োজিত হয়েছিল ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে, তবে পুরো মাঠ জুড়ে ছিল প্রার্থী রিভিউয়ের স্লোগান, পোস্টার, ফেস্টুন ও ব্যানারে ছাওয়া। ‘মতলবে দরকার শামীম সরকার’ স্লোগানে মুখরিত জনসভা।

চাঁদপুর-২ আসনে প্রার্থী বাতিল করে পুনর্বিবেচনার দাবি জানিয়ে মঞ্চ ও মিছিলে স্লোগান ওঠে মতলবে দরকার শামীম সরকার। নেতাকর্মীরা রিভিউ দাবির পক্ষে ‘রিভিউ চাঁদপুর-২’ ফটো কার্ড উঁচিয়ে ধরেন। হাজারো নেতা–কর্মীর উপস্থিতিতে মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

আরও পড়ুন : ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেন, আমি আপনাদের কষ্টের কথা বুঝি। মতলবের প্রত্যেক মানুষের দাবি, প্রাথমিক মনোনয়নের রিভিউ হোক, পুনর্বিবেচনা হোক। জনগণের প্রত্যাশা কেন্দ্রীয় নেতাদের কাছে যথাযথভাবে পৌঁছায়নি। আপনারা মতলবে আসুন, জনগণের ভাষা শুনুন, তাদের চাওয়া মূল্যায়ন করুন। নয়তো এই আসন হাতছাড়া হয়ে যেতে পারে। আমরা কোনোভাবেই এই আসন হারাতে চাই না।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আনুগত্য জানিয়ে তিনি আরও বলেন, আমি আপনার নির্দেশনা অনুযায়ী মাঠে আছি। আপনার নির্দেশনা মেনে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করবো। তবে জনগণের প্রতি আমরা দায়বদ্ধ। জনগণ চাঁদপুর-২ আসনে রিভিউ চায় সেটি সম্মান করা জরুরি।

জনসভা শেষে হাজারো নেতাকর্মী বিশাল মিছিল বের করেন। মিছিলটি রসুলপুর হাজী চাঁন বক্স সরকার দাখিল মাদ্রাসার মাঠ থেকে শুরু হয়ে সাহেববাজারে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে নেতাকর্মীরা চাঁদপুর-২ আসনে রিভিউয়ের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুন : রাঙ্গামাটিতে ৩৬ ঘণ্টার হরতাল

চাঁদপুর জেলা বিএনপির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা মো. জাকির হোসেনের সভাপতিত্বে,  উপজেলা বিএনপির সহ ছাত্রবিষয়ক সম্পাদক তৌফিক আজিম মিশু ও ছাত্র নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, মতলব উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শাহজাহান সরদার, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য এস এম মফিজুল ইসলাম, মতলব পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরে আলম মিয়াজি, তেজগাঁও থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান প্রমুখ। 

জনগণের মতামত প্রতিফলিত করতে রিভিউ দাবি জানিয়ে বক্তারা বলেন, জনগণের মতামত প্রতিফলিত করেই যোগ্য নেতৃত্ব নির্বাচন করা দলের নীতি। তৃণমূলের প্রত্যাশা বিবেচনায় নিয়ে চাঁদপুর-২ আসনের দলীয় প্রার্থী রিভিউ করা সময়ের দাবি।

নেতাকর্মীদের মতে, প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম মাঠে জনপ্রিয়, গ্রহণযোগ্য ও সংগঠিত নেতৃত্বের প্রতীক। তাই তৃণমূলের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে তাকে পুনর্বিবেচনার মাধ্যমে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft