গাজীপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা হামলা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ১:৩৭ পিএম

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে মাওনা ইউনিয়নের বারতোবা বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা হামলা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে কয়েকজন হামলাকারী ব্যাংকের প্রধান ফটক খোলার চেষ্টা করে এবং তিনটি পেট্রলবোমা বিস্ফোরণ ঘটায়। এর মধ্যে একটি ব্যাংকের সীমানার মধ্যে পড়ে এবং বাইরের সাইনবোর্ডের আংশিক ক্ষতি হয়।

গ্রামীণ ব্যাংকের মাওনা শাখার ব্যবস্থাপক রেহানা পারভিন জানান, তাদের নিরাপত্তাপ্রহরী ব্যাংকের ভেতর ছিলেন। রাত ২টায় কয়েকজন ব্যাংকের প্রধান ফটক খোলার জন্য চেষ্টা করেন। এ সময় হঠাৎ বিকট শব্দ হয়। নিরাপত্তাপ্রহরী দেখতে পান ৭–৮ জন সেখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছেন। এরপর তিনটি বিকট শব্দ হয়।

আরও পড়ুন : রাজধানীর নিউ ইস্কাটন রোডে ককটেল বিস্ফোরণ, এক পথচারী আহত

তিনি আরও জানান, তারা তিনটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটায়। এর মধ্যে একটি বোমা ব্যাংকের সীমানার মধ্যে পড়ে। এতে ব্যাংকের বাইরের সাইনবোর্ডের আংশিক পুড়ে গেছে। এ ঘটনার পর ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারী আতঙ্কের মধ্যে আছেন।

স্থানীয়রা জানান, বিস্ফোরণের শব্দে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন এবং পেট্রলের গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ে।

গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক (এরিয়া) ব্যবস্থাপক আবদুর রাজ্জাক বলেন, ‘ব্যাংকের ভেতরে কোনো ক্ষতি হয়নি। তবে বাইরে সাইনবোর্ডের কিছু অংশ পুড়ে গেছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা আপাতত থানায় সাধারণ ডায়েরি করতে পরামর্শ দিয়েছে।’

আরও পড়ুন : ঘিওরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন, ‘পুলিশের টহল থাকায় হামলাকারীরা বড় কোনো দুর্ঘটনা ঘটাতে পারেনি। পুলিশ ঘটনাস্থলে বোতল পেয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গ্রামীণ ব্যাংক   গাজীপুর   পেট্রলবোমা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft