প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৪:৫৫ পিএম

ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি ইউনিয়নের কলামানখালি গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কলামানখালি গ্রামে বিএনপি কর্মী নাইম ও আসাদ সমর্থকদের মধ্যে প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।
সোমবার সকালে ওই বিরোধের জেরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় লাঠি-সোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালানো হয়। এতে উভয়পক্ষের ছয়জন আহত হন।
আহতরা হলেন, মানিক জোয়াদ্দারের ছেলে বিসারত জোয়াদ্দার (৬৮), হাসেম জোয়াদ্দার (৭০), ওলিয়ার মুন্সির ছেলে সুরুজ (২৫), রজব মুন্সির ছেলে ইয়ালিক (৪৫), জাফর জোয়াদ্দারের ছেলে নাইম জোয়াদ্দার এবং সৈয়দ আলী মোল্যার ছেলে গোলাম রসুল (৬০)। তারা বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পুনরায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
জ/দি