প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৪:৩৪ পিএম

ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গত ১০ মাসে অনলাইন অপরাধ দমনে চমকপ্রদ সাফল্য অর্জন করেছে। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৬৯৪টি হারানো মোবাইল ফোন এবং ৬ লাখ ৩৫ হাজার টাকারও বেশি প্রতারণার অর্থ উদ্ধার করেছে।
এ ছাড়াও সাইবার সেল সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিংয়ের শিকার ১০৩ জন ভিকটিমকে সহায়তা প্রদান এবং জেলার বিভিন্ন থানার সহযোগিতায় ৪০ জন নিখোঁজ ভিকটিমকে উদ্ধার করেছে। এসব কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন এসআই খালিদ হাসান ও এএসআই ইখলাছুর রহমান, যাদের পেশাদার তত্ত্বাবধানে জেলার সাইবার অপরাধ দমন কার্যক্রম নতুন মাত্রা পেয়েছে।
শনিবার (২ নভেম্বর) সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ও অর্থ প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বিপিএম (সেবা)। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান জাকারিয়া ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
পুলিশ সুপার বলেন, সাইবার নিরাপত্তা এখন জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। সাইবার অপরাধ দমনে ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। অচেনা লিংকে প্রবেশ করবেন না, কোনো অবস্থাতেই OTP, পাসওয়ার্ড বা ব্যাংক তথ্য শেয়ার করবেন না।
তিনি যেকোনো সাইবার অপরাধ বা প্রতারণার ঘটনায় দ্রুত সাইবার ইউনিট বা নিকটস্থ থানায় যোগাযোগের আহ্বান জানান।
জ/উ