ছাতকের পরিবেশ রক্ষায় কঠোর অভিযান, ড্রেজার মেশিন ও বাল্কহেড জব্দ
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১১:৩৬ পিএম

সুনামগঞ্জের ছাতক উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। আজ শুক্রবার ভোররাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বৈশাকান্দি রাবারড্যাম সংলগ্ন সোনাই নদী এবং আশপাশের ফরেস্ট এলাকায় এক বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ইসলামপুর ইউনিয়নের গাংপাড় নোয়াকুট গ্রামের হাবিবুর রহমান (৩৭) এবং বৈশাকান্দি গ্রামের ফজর আলী (২০)। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে সাত (৭) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় দাস, ছাতক থানার এসআই গোলাম সারওয়ার, বিট কর্মকর্তা আয়ুব আলী, নোয়াকোট বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা।

অন্যদিকে, সকাল ৮টায় অভিযান চলাকালে ইসলামপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর মৌজার সিএস দাগ নং ২৫৬-এর ‘আবদালি’ নামক স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আরও তিনটি বড় বাল্কহেড ও একটি অ-অনুমোদিত ড্রেজার মেশিন জব্দ করা হয়। অভিযানে উপস্থিত সদস্যদের দেখে অপরাধীরা পালিয়ে যায়। বন বিট কর্মকর্তা মোঃ আইয়ুব খান ও উপস্থিত দুই সাক্ষীর সম্মুখে এসব মালামাল জব্দ করে সরকারি জিম্মায় প্রদান করা হয়। জব্দকৃত বাল্কহেড ও ড্রেজার মেশিন পরিবেশ বিধ্বংসী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত হওয়ায় রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।

ইউএনও তরিকুল ইসলাম জানান, পলাতক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft