প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৯:৫৩ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় এক ব্যবসায়ীর দোকানে হামলা, চাঁদা দাবি ও লুটপাটের অভিযোগে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান তুষারকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
গত সোমবার (১৮ আগস্ট) উপজেলার কালিকাপুর বাজারের ব্যবসায়ী আব্দুস সালাম বাদী হয়ে বাগাতিপাড়া আমলী আদালতে ওই মামলা করেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ আরও সাত-আটজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলার নথি হতে জানা যায়, গত শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় ছাত্রদল নেতা মেহেদী হাসান তুষারের নেতৃত্বে আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুস সালামের দোকানে প্রবেশ করে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। এ সময় দোকানের ক্যাশবাক্স থেকে ৬৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। দোকানের আসবাবপত্র ভাঙচুর করে অন্তত ২০ হাজার টাকার ক্ষতিও করা হয় বলে অভিযোগে উল্লেখ আছে।
ঘটনার পর আহত অবস্থায় আব্দুস সালাম নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নেন। পরে সোমবার (১৮ আগস্ট) আদালতে মামলা দায়ের করেন। মামলার ১ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান তুষারকে।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মেহেদী হাসান তুষার বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছে। এই অভিযোগের কোনো ভিত্তি নেই।
নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন বলেন, ছাত্রদলে থেকে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। যে অভিযোগ উঠেছে তার সত্যতা পেলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।