প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৭:৫৭ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় মাদকদ্রব্য বিক্রির সময় স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ শুক্রবার দুপুরে উপজেলার হিজলী পাবনাপাড়া ও মালঞ্চি বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- হিজলী পাবনাপাড়ার জনি (৩৬) ও তার স্ত্রী চম্পা খাতুন এবং বাগাতিপাড়া পৌর এলাকার সোনাপাতিল মহল্লার শহিদুল ইসলাম তুফান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হিজলী পাবনাপাড়া এলাকার জনির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় হেরোইন বিক্রির মুহূর্তে স্বামী-স্ত্রীকে ৫ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক করা হয়। পরে মালঞ্চি বাজারের একটি লন্ড্রি দোকানে অভিযান চালিয়ে ১শ গ্রাম গাঁজাসহ শহিদুল ইসলাম তুফানকে আটক করা হয়। তিনি স্থানীয় আব্দুল হামিদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের উপ-পরিদর্শক তাইজুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।