প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৭:৫৫ পিএম আপডেট: ২৫.০৭.২০২৫ ৯:৫৭ পিএম

গভীর রাতে শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অপ্রাপ্তবয়স্ক শিশু ও নারীসহ ২১ রোহিঙ্গাকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া একটার দিকে উপজেলার হাতিপাগার বিজিবি ক্যাম্পের আওতাধীন নাকুগাঁও সীমান্ত এলাকার ১১১৬ মেইন পিলার দিয়ে এদের পুশইন করা হয়। পরে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটকৃতদের মধ্যে ১১ অপ্রাপ্তবয়স্ক শিশু এবং ৫ জন নারী ও ৫ জন শিশু রয়েছে। আটকৃতদের স্থানীয় একটি বিদ্যালয়ে রাখা হয়েছে বলে জানায় বিজিবি।
ময়মনসিংহ বিজিবি-৩৯ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিষয়ে আরও তথ্য যাচাই-বাছাই এবং পরবর্তী কার্যক্রমের প্রক্রিয়া চলছে।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা ছয়টি পরিবারের সদস্য। তারা ২০১৭ সালে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে অবৈধভাবে ভারতের জম্মু-কাশ্মীরে যায় এবং সেখানে শ্রমিক হিসেবে হোটেলে ও বাসাবাড়িতে কাজ করতে শুরু করে। এক মাস আগে ভারতীয় পুলিশের অভিযানে অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তারা কক্সবাজারের উখিয়া ক্যাম্পে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক হিসেবে ছিল বলে পরিচয় দেয়। সেই হিসাবে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে ভারতীয় পুলিশ।